পুবের কলম ওয়েব ডেস্ক: অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চিনা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনার মুখোমুখি সংঘাত অব্যাহত রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) ডিরেক্টর জেনারেল শত্রুজিৎ কাপুর। তাঁর এই মন্তব্যে গালওয়ান সংঘাতের স্মৃতি ফের উসকে দিয়েছে। আইটিবিপির বাৎসরিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, গত চার মাস ধরে অরুণাচল সীমান্তে রীতিমতো অস্থিরতা চলছে এবং বেশ কয়েকটি জায়গায় চিনা বাহিনী ভারতীয় সেনাকে টহল দিতে বাধা দিচ্ছে। এমনকি, ব্রিকস সম্মেলনে যোগ দিতে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং যখন ভারতে আসেন, সেই সময়েও সীমান্তে এই উত্তেজনা বজায় ছিল।


গত জুলাই মাস থেকেই অরুণাচলে ভারত-চিন সংঘাত চলছে বলে খবর। সেই সময় অরুণাচলের বিরোধী দল পিপলস পার্টি অফ অরুণাচলের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও ভারতীয় সেনার টহলে চিনা সেনার বাধা দেওয়ার অভিযোগ তুলেছিল, যা সেই সময় রাজ্য সরকার খারিজ করে দেয়। অক্টোবরে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শি জিনপিংয়ের সাক্ষাতের পরও আইটিবিপি ডিজির এই মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
আইটিবিপি প্রধানের এই মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস।
দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন, সীমান্তে সংঘাতের কথা আইটিবিপি ডিজি যখন স্বীকার করছেন, তখন প্রধানমন্ত্রী কেন চুপ? সেপ্টেম্বরে কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ্য, অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার নামকরণ এবং রাষ্ট্রসংঘের মানচিত্রে অরুণাচল ও আকসাই চিনকে ভারতের অংশ হিসেবে না দেখানো নিয়ে এমনিতেই চিনের সঙ্গে বিতর্ক রয়েছে। এই আবহে আইটিবিপি ডিজির মন্তব্য নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।