পুবের কলম, নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ অনুষ্ঠানে মশাল প্রজ্বলনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেল আবিব থেকে দুবাইগামী ফ্লাইদুবাই বিমানের বড়সড় দুর্ঘটনা রুখে বিশ্বজোড়া প্রশংসা কুড়ানো সাহসী ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের পাশাপাশি মশাল প্রজ্জ্বলন করবেন প্রধানমন্ত্রী মোদি। এক্স পোস্টে নেতানিয়াহু নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর এই আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও ইসরায়েলের যৌথ লড়াইয়ের বার্তা পুনর্ব্যক্ত করেছেন।
নেতানিয়াহু লেখেন, "আমার বন্ধু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে এবং ইসরায়েলের স্বাধীনতা দিবসে একজন সাহসী ভারতীয় পাইলটের পাশাপাশি তাঁকে মশাল প্রজ্বলন করার জন্য আমন্ত্রণ জানিয়েছি।
প্রসঙ্গত, সম্প্রতি দুবাই থেকে তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর একটি বাণিজ্যিক বিমানের ককপিটে থাকা সহ-পাইলট বিমানটিকে ভেঙে ফেলার চেষ্টা চালান। সেই সময় নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে সহ-পাইলটের সেই আত্মঘাতী ও সন্ত্রাসবাদী প্রচেষ্টা নস্যাৎ করে দেন প্রধান দায়িত্বে থাকা ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার। ককপিটের ভেতরের সেই ভয়াবহ সংঘর্ষে মাচ্ছার মারাত্মকভাবে আহত হলেও শেষ পর্যন্ত বিমানের সমস্ত যাত্রীর জীবন রক্ষা করতে সক্ষম হন। এই অসাধারণ সাহসিকতার জন্য তাঁকে আগেই 'বিশ্বের বীর' বলে ভূয়সী প্রশংসা করেছিলেন নেতানিয়াহু।