পুবের কলম ওয়েব ডেস্ক: বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১০ জনের বিধায়ক পদ খারিজের দাবিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এই বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদন নিয়ে শীর্ষ আদালতে নতুন করে মামলা দায়ের করেছেন তিনি। পাশাপাশি, এবারের মামলায় বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকেও যুক্ত করা হয়েছে।
এর আগে শোভনদেব চট্টোপাধ্যায় একাধিকবার স্পিকারের কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, ফিরহাদ হাকিম, সাবিনা ইয়াসমিন-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন জানিয়েছিলেন। কোনও সদুত্তর না পেয়ে তিনি সুপ্রিম কোর্টে গেলে শীর্ষ আদালত স্পিকারকেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়।

কিন্তু পদ্ধতিগত ত্রুটির কারণে স্পিকার সেই আবেদন খারিজ করে দেন, ফলে সাময়িক স্বস্তি পান ঋতব্রতরা। তবে স্পিকার জানিয়েছিলেন যে সঠিক পদ্ধতি মেনে ফের আবেদন করা যাবে।
এবার শোভনদেব চট্টোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে প্রশ্ন তুলেছেন যে, ভোটে জেতার পর দল ছাড়ার কারণে কেন ওই ১০ বিধায়কের পদ খারিজ হবে না এবং কোন আইনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হল। জানা গিয়েছে, আগামী সপ্তাহে শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ঋতব্রত-সহ ১০ জনের বিধায়ক পদের ভবিষ্যৎ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।