উজবেকিস্তানের সমরকন্দ শহরে অবস্থিত প্রখ্যাত হাদিসবিশারদ ইমাম বুখারি (রহ.)-এর সমাধিসৌধ জিয়ারত করে দোয়া করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের স্ত্রী এমিনে এরদোগান।
আরও পড়ুন:
সমরকন্দে ‘শিশুদের কল্যাণে বিনিয়োগ: ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও ন্যায়সংগত উন্নয়নের পথ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি ইমাম বুখারির স্মৃতিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে ইমাম বুখারি (রহ.)-এর সমাধিতে জিয়ারত ও দোয়া করার পাশাপাশি কমপ্লেক্সের জাদুঘর ঘুরে দেখেন। জাদুঘরে সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শন ও সামগ্রী সম্পর্কে জানার পাশাপাশি তাঁকে ইমাম বুখারির জীবন ও অবদান সম্পর্কেও বিস্তারিত তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
এই সফরে এমিনে এরদোগানের সঙ্গে ছিলেন নুন শিক্ষা ও সংস্কৃতি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভাপতি ড. এসরা আলবায়রাক, উজবেকিস্তানের প্রেসিডেন্টের স্ত্রী জিরোয়াত মিরজিয়োয়েভা, লেবাননের প্রেসিডেন্টের স্ত্রী নেমাত আউন, কিরগিজস্তানের প্রেসিডেন্টের স্ত্রী আইগুল জাপারোভা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ে আয়েশা হারুন।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমিনে এরদোগান জানান, সমরকন্দের ইমাম বুখারির স্মৃতিসৌধ কমপ্লেক্সে তাঁরা একটি আধ্যাত্মিক সফর করেছেন। হাদিসশাস্ত্রে জীবন উৎসর্গ করা এই মহান মনীষীর স্মৃতিবিজড়িত স্থানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তাঁরা কাছ থেকে উপলব্ধি করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:
উল্লেখ্য, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিয়োয়েভের তত্ত্বাবধানে পাঁচ বছর ধরে পরিচালিত একটি প্রকল্পের আওতায় ইমাম বুখারির সমাধিসৌধটি নতুন করে সংস্কার করা হয়েছে।