পুবের কলম ওয়েব ডেস্ক:সরকারি হাসপাতাল কর্মীদের জন্য দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত টানা ১০ দিনের ছুটির পুরনো রেওয়াজ বাতিল করা হল। শুক্রবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এক ঘোষণায় জানান যে, আগামী বছর থেকে এই দীর্ঘ অবকাশযাপনের সুযোগ আর মিলবে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ সালের পর থেকে ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি নেওয়ার যে অঘোষিত রেওয়াজ তৈরি হয়েছিল, তা এবার বন্ধ হতে চলেছে। তিনি স্পষ্ট করে দেন যে স্বাস্থ্যদপ্তর অন্য পাঁচটা সাধারণ দপ্তরের মতো নয়, এটি একটি আপৎকালীন দপ্তর যেখানে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টাই মানুষের পরিষেবা দিতে হয়। আগামী বছর থেকে সপ্তমীর দিন থেকে দশমী পর্যন্ত সব কর্মীর জন্য রোস্টার চালু হবে।
চোরবাগান দুর্ঘটনার পর শহরের বড় মণ্ডপগুলিতে স্পেশাল মেডিক্যাল টিম গঠন করা হয়। এই পরিস্থিতিতে বেশ কিছু সরকারি হাসপাতালে চিকিৎসক ও আধিকারিকদের অনুপস্থিতির বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে, এমনকি বিনা অনুমতিতেও অনেকে ছুটিতে ছিলেন বলে অভিযোগ ওঠে। শুক্রবার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই ঘটনায় চরম বিরক্তি প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের রাজস্বে চলা স্বাস্থ্যদপ্তরের কর্মীদের ছুটি নিয়ে এমন মনোভাব অত্যন্ত লজ্জাজনক। তাই যাঁরা বর্তমানে ছুটিতে রয়েছেন, তাঁদের ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।