পুবের কলম ওয়েবডেস্ক, দক্ষিণ ভারতের শহর হায়দরাবাদে তীব্র পানীয় জলের সংকটে বিপাকে প্রায় দেড় কোটি বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে দিনে ৬ থেকে ৮ হাজার জলের ট্যাঙ্কার বুক করতে হচ্ছে। শহরের বহু এলাকায় এখন দু’দিন অন্তর নয়, তিন থেকে চার দিন অন্তর জল সরবরাহ করা হচ্ছে। পর্যাপ্ত বৃষ্টির অভাব, এল নিনোর প্রভাব এবং কৃষি ও শিল্পক্ষেত্রে জলের চাহিদা বৃদ্ধি এই সংকটের অন্যতম কারণ।
আরও পড়ুন:
তেলঙ্গানার ১৬টি প্রশাসনিক এলাকার মধ্যে মাত্র তিনটিতে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। রাজ্যের ৬০০-র বেশি এলাকার ৩৩০টিরও বেশি খরাপ্রবণ। ছয় হাজারের বেশি হ্রদের মধ্যে জল ভরা রয়েছে মাত্র প্রায় ৫০০টি। সিঙ্গুর ও নাগার্জুনসাগর জলাধারের জলের স্তরও উদ্বেগজনকভাবে কমেছে।
আরও পড়ুন:
পরিস্থিতি মোকাবিলায় জল সরবরাহকারী সংস্থা বিকল্প উৎস থেকে জল আনার পরিকল্পনা করছে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি শুক্রবার জরুরি বৈঠকে আগামী মাসগুলিতে পানীয় জলের জোগান বজায় রাখার প্রস্তুতি পর্যালোচনা করেন। ১ নভেম্বর থেকে পরিশোধিত বর্জ্যপানি অন্য কাজে ব্যবহারের জন্য বিশেষ ট্যাঙ্কার পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে। জলের অপচয় রুখতে জরিমানা এবং বোরওয়েল ব্যবহারে বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিশেষজ্ঞদের মতে, হায়দরাবাদের বহু প্রাচীন কুয়ো ও জলাধার পুনরুদ্ধার করা গেলে সংকট অনেকটাই কমতে পারে। তবে সরকারি প্রস্তুতি যথেষ্ট দেরিতে শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।