পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ ঘিরে এবার বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাজিয়ার অভিযোগ, পাকিস্তানের একটি নম্বর থেকে তাঁকে লাগাতার ফোন ও মেসেজ করে হুমকি দেওয়া হচ্ছে। একইসঙ্গে শুভেন্দু অধিকারী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও নিশানা করার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

নাজিয়ার অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “তিনি তথ্য দিয়ে অভিযোগ করেছেন। আমি ডিরেক্টর সিকিউরিটিকে নাজিয়া ইলাহি খানের নিরাপত্তা বাড়ানোর কথা বলেছি।

” তাঁর বক্তব্য অনুযায়ী, আগে নাজিয়ার নিরাপত্তায় একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (PSO) মোতায়েন ছিলেন। এবার সেই সংখ্যা বাড়িয়ে তিনজন করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের তরফে তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিজের কাছে আসা হুমকি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “আমাকে নিয়ে সাজ্জাদ ভাট্টির লোকেরা যা বলতে চেয়েছে, বলতে দিন। আমি এগুলো ভয় করি না।

আমার কোনও পিছুটান নেই। আমরা দেশের জন্য উৎসর্গ।”

অন্যদিকে, নাজিয়া ইলাহি খানের দাবি, পাকিস্তানের একটি নম্বর থেকে তাঁকে লাগাতার ফোন ও মেসেজ পাঠানো হচ্ছে। সাজ্জাদ ভাট্টির সহযোগীদের ব্যক্তিগত নম্বর থেকে হুমকি এসেছে বলেও অভিযোগ করেছেন তিনি। এমনকি হুমকির সঙ্গে আপত্তিকর ও ভয়াবহ ভিডিও পাঠানো হয়েছে বলেও দাবি তাঁর।

নাজিয়ার বক্তব্য, তাঁকে, শুভেন্দু অধিকারী এবং যোগী আদিত্যনাথকে নিশানা করার কথা বলা হয়েছে ওই ফোন ও মেসেজে।