পুবের কলম ওয়েবডেস্ক, প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির নৌকাঘাট এলাকা। বৃহস্পতিবার রাতে তৃতীয় মহানন্দা সেতু সংলগ্ন এলাকায় দুই পুজো কমিটির সদস্যদের মধ্যে বচসা থেকে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষে দু’জন আহত হন।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শক্তিগড় সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবং উজ্জ্বল সংঘের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা নৌকাঘাটের দিকে এগোচ্ছিল।
সেই সময় দুই পক্ষের সদস্যদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষের চেহারা নেয়। শক্তিগড় সর্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক রথীন দে-র মাথা ও ঠোঁট ফেটে যায়। তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, উজ্জ্বল সংঘের সদস্য ত্রিশো দত্তও আহত হন। তাঁকে ফুলবাড়ির একটি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।আরও পড়ুন:
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। রথীন দে-র অভিযোগ, ত্রিশো দত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালান। তবে উজ্জ্বল সংঘের প্রতিনিধি সঞ্জয় সাহার দাবি, ঘটনার সঙ্গে পুজো কমিটির কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত বিবাদ থেকেই সংঘর্ষ হয়ে থাকতে পারে।