পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। মমতাপন্থী তৃণমূল সাংসদ দোলা সেন শীর্ষ আদালতে এই মামলাটি দায়ের করেছেন। এই মামলায় অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীকেও পক্ষ হিসেবে যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।


সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়, অন্য দুই নির্বাচন কমিশনারকে সম্পূর্ণ এড়িয়ে এসআইআর প্রক্রিয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার। গত ১০ মাসে তাঁর নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন সুখবীর এবং বিবেক। এই প্রতিবেদন প্রকাশ্যে আসতেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয় রাজনৈতিক মহল। তাঁর নেওয়া ওই সিদ্ধান্তগুলি বাতিলের দাবিতে ইতিমধ্যে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে।

এই আবহে মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে একজোট হয়েছে বিরোধী শিবির ‘ইন্ডিয়া’। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ জোটের একাধিক নেতা জ্ঞানেশের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে আলাদাভাবে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। পাশাপাশি, এই ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেছেন বিরোধীরা। এবার সেই বিতর্কেই শীর্ষ আদালতে পৃথকভাবে মামলা দায়ের করলেন তৃণমূল নেত্রী দোলা সেন। অন্যদিকে, জ্ঞানেশ কুমারকে সরাতে সংসদে বিরোধীরা নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব আনারও প্রস্তুতি নিচ্ছেন বলে খবর।