পুবের কলম, জয়পুর: রাজস্থানে চার দফার পঞ্চায়েত নির্বাচনের প্রথম ধাপে পঞ্চ এবং সরপঞ্চ পদের জন্য শনিবার সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া। রাজ্যের ১৬টি জেলার মোট ৩,৩১৪টি গ্রাম পঞ্চায়েতে একযোগে এই ভোটগ্রহণ পরিচালিত হয়। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফায় সরপঞ্চ পদের জন্য ১৬,৭৯৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ২৮,৬৮২টি ওয়ার্ড পঞ্চ আসনের জন্যও ভোটগ্রহণ চলছে। সকাল থেকে শুরু হওয়া এই ভোটদান প্রক্রিয়া চলে বিকেল ৬টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরই শুরু হবে ভোট গণনা এবং শনিবার গভীর রাতের মধ্যেই ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রথম দফায়—আজমীর, আলওয়ার, বাড়মের, ভিলওয়ারা, বিকানের, ডুঙ্গারপুর, জয়পুর, ঝালাওয়ার, যোধপুর, কোটা, নাগৌর, পালি, ফলোদি, রাজসমন্দ, সিরোহি এবং উদয়পুরে ভোট নেওয়া হয়। তথ্য অনুযায়ী, বাড়মের জেলায় সবচেয়ে বেশি ৪১৯টি গ্রাম পঞ্চায়েতে ভোট হয়। এরপর রয়েছে ভিলওয়ারা (৩২৬টি), ফলোদি (৩০৫টি) এবং উদয়পুর (২৮৪টি)। ভিলওয়ারা জেলায় সর্বাধিক ২,০৯৭ জন সরপঞ্চ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এরপর রয়েছে ডুঙ্গারপুর (১,৫৯৪ জন), জয়পুর (১,৫২৫ জন) এবং উদয়পুর (১,৪৮০ জন)। বাড়মের জেলায় সর্বোচ্চ ৩,০২৫টি ওয়ার্ড পঞ্চ আসনে ভোট গ্রহণ করা হয়। ভিলওয়ারায় ২,৮৭২টি এবং উদয়পুরে ২,৪৬৬টি আসনে ভোট নেওয়া হয়।

পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি সদস্যদের জন্য পরবর্তী দফার ভোটগ্রহণ হবে ২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ১৪ নভেম্বর। অন্যদিকে, পঞ্চ ও সরপঞ্চ পদের পরবর্তী তিন দফার ভোট নেওয়া হবে ৩০ অক্টোবর, ৫ নভেম্বর এবং ১৬ নভেম্বর। ২০ নভেম্বর জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি সদস্যদের ভোট গণনা অনুষ্ঠিত হবে। প্রথম দফায় নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলির উপ-সরপঞ্চ নির্বাচনের জন্য পরোক্ষ ভোট গ্রহণ করা হবে আগামী ২৫ অক্টোবর।