পুবের কলম, ওয়েবডেস্ক: সোশাল মিডিয়ায় ফলোয়ার ও ‘লাইক-ভিউ’ পাওয়ার অদম্য নেশা মানুষকে কতটা বিপজ্জনক পরিণতির দিকে ঠেলে দিতে পারে, তার এক শিউরে ওঠার মতো দৃষ্টান্ত সামনে এলো। একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে এক ব্যক্তির সটান বোতল থেকে পেট্রোল পান করার একটি ভিডিয়ো সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে ওই ব্যক্তিকে পেট্রোল পান করতে দেখা গেলেও, তিনি সত্যিই পুরো তরলটি গিলে ফেলেছেন নাকি মুখের ভেতর নিয়ে থুথু ফেলে দিয়েছেন—তা স্পষ্টভাবে বোঝা যায়নি। এছাড়া ঘটনাটি ঠিক কোন এলাকার বা কোন পেট্রোল পাম্পের, তাও নিশ্চিত হওয়া যায়নি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে দ্রুত রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠার উদ্দেশ্যেই ওই ব্যক্তি এই বিপজ্জনক স্টান্টটি করেছিলেন।

পরবর্তীতে ভিডিয়োটি সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং কোটি কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোশাল মিডিয়া ব্যবহারকারী ও সচেতন নাগরিকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। নেটিজেনরা এক বাক্যে এই ধরনের অবিবেচকের মতো কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন এবং মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন যে পেট্রোল একটি অত্যন্ত বিষাক্ত তরল।

চিকিৎসকদের মতে, পেট্রোল বা পেট্রোলিয়ামজাত যেকোনো রাসায়নিক শরীরে প্রবেশ করলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে। এটি পাকস্থলীর অভ্যন্তরীণ দেয়াল পুড়ে দেওয়া থেকে শুরু করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বিকল করে দিতে পারে। এমনকি শ্বাসনালীর মাধ্যমে বিষাক্ত বাষ্প ফুসফুসে পৌঁছালে তা সঙ্গে সঙ্গে মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে।