পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটচুরি ইস্যুতে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে কয়েক লক্ষ লোক জমায়েত করে একটি মেগা জনসভা করার পরিকল্পনা নিয়েছে ‘ইন্ডিয়া’ ব্লক। কিন্তু উৎসবের মরশুমে এই বিশাল রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসায় বড়সড় আর্থিক ধাক্কা খাওয়ার আশঙ্কা করছেন দিল্লির ব্যবসায়ীরা। তাই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চিঠি লিখে এই কর্মসূচি অন্তত ১০ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে দিল্লির চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)।
সিটিআইয়ের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল তাঁর চিঠিতে জানিয়েছেন, আগামী ৬ নভেম্বর ধনতেরস এবং ৮ নভেম্বর দিওয়ালি। এই দুই উৎসবের আগের এক সপ্তাহ দিল্লির ব্যবসায়ীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।

শুধুমাত্র ধনতেরসকে কেন্দ্র করেই দিল্লিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়। এই পরিস্থিতিতে ১ নভেম্বর এত বড় বিক্ষোভ বা জনসভা হলে সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাবেন এবং বাজারে অস্থিরতা তৈরি হবে, যার ফলে অন্তত ১০ হাজার কোটি টাকার লোকসানের মুখে পড়তে হতে পারে ব্যবসায়ীদের। এর আগে কংগ্রেস ও ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিতেও তাঁদের ব্যাপক ক্ষতি হয়েছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
কংগ্রেসের অন্দরেও এই সভা পিছিয়ে দেওয়ার পক্ষে কিছু মত রয়েছে। তবে দলীয় সূত্রের খবর, ১ নভেম্বরের পর অদূর ভবিষ্যতে রামলীলা ময়দান ফাঁকা পাওয়ার বিশেষ সম্ভাবনা নেই। ফলে পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই দিনেই সভা করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস।