পুবের কলম ওয়েব ডেস্ক: তালিবানের সঙ্গে মুখোমুখি সংঘাতে ক্রমাগত বাধার সম্মুখীন হয়ে আফগানিস্তানে গৃহযুদ্ধ বাধানোর নীল নকশা সাজাতে শুরু করেছে পাকিস্তান। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে আফগান সেনা এবং স্থানীয় ইসলামি মৌলবাদীদের একত্রিত করে তালিবানের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বালোচিস্তানে।
জানা গিয়েছে, বালোচিস্তানের ডালবন্দিনে ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে এবং কুচলাক ও কোয়েটাতেও এমন শিবির খোলা হবে। আমেরিকার জমানার আফগান সেনার যোদ্ধাদের এই কাজে ব্যবহার করা হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে তাঁদের আফগানিস্তানে পাঠিয়ে গৃহযুদ্ধ বাধানোর ছক কষা হয়েছে। দেশের শোচনীয় আর্থিক পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তান এই যোদ্ধাদের প্রতি মাসে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা করে বেতন দিচ্ছে বলে খবর।
পাকিস্তান এর আগেও একইভাবে আফগানিস্তানে হস্তক্ষেপ করেছিল। একসময় আমেরিকার টাকায় সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে লড়তে তালিবানদের প্রশিক্ষণ দিয়েছিল তারা, আবার পরে আমেরিকার সাহায্য নিয়ে তালিবানদের বিরুদ্ধেও লড়েছে। এখন তালিবান ক্ষমতায় আসার পর নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে মুনির প্রশাসন। তালিবান ক্ষমতা দখলের পর পাকিস্তানের সঙ্গে শুরুতে সুসম্পর্ক থাকলেও পরে তা তলানিতে গিয়ে ঠেকে। বর্তমানে ডুরান্ড লাইনে দুই পক্ষের মধ্যে নিয়মিত সংঘাত লেগেই রয়েছে। তালিবানের অভিযোগ, পাকিস্তান তাদের দেশকে অস্থির করার চেষ্টা করছে, অন্যদিকে ইসলামাবাদের দাবি, তালিবান টিটিপি জঙ্গিদের মদত দিচ্ছে।