পুবের কলম, ওয়েবডেস্ক: খাদ্য সুরক্ষা ও গুণমান নিয়ন্ত্রণে কেন্দ্রের তৈরি নিয়মের বিরুদ্ধে নজিরবিহীন আইনি লড়াইয়ে নামল মহারাষ্ট্র সরকার। রাজ্য খাদ্য সুরক্ষা কমিশনারের ক্ষমতা খর্ব করে কেন্দ্রের কাছে সমস্ত একক নিয়ন্ত্রণ হস্তান্তরের অভিযোগ তুলে 'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া' (FSSAI)-র একাধিক নিয়মের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছে রাজ্য।

মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন-এর কমিশনার তুকারাম মুন্ডের মাধ্যমে এই আবেদনটি পেশ করা হয়েছে। উল্লেখ্য, বড় বড় খাদ্য উৎপাদনকারী ব্র্যান্ড ও সংস্থায় অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের বিরুদ্ধে সাম্প্রতিক কড়া পদক্ষেপের জন্য দেশজুড়ে প্রশংসিত হয়েছেন তুকারাম মুন্ডে।

হাইকোর্টে পেশ করা আবেদনে রাজ্যের স্পষ্ট দাবি, ২০০৬ সালের খাদ্য সুরক্ষা ও গুণমান আইনের আওতায় রাজ্য কমিশনারদের যে লাইসেন্স প্রদান ও আইন প্রয়োগের বিশেষ অধিকার দেওয়া হয়েছিল, তা খর্ব করেছে এফএসএসএআই।

কেন্দ্র জোর করে "সেন্ট্রাল ফুড সেফটি অফিসার" নিয়োগ করে একটি বেআইনি সমান্তরাল প্রশাসনিক কাঠামো তৈরি করেছে।

বিশেষ করে ২০২৩ সালের মে মাসে এফএসএসএআই-এর জারি করা একটি আদেশের তীব্র বিরোধিতা করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলিতে রাজ্য কর্মকর্তাদের সরাসরি তল্লাশি বা পরিদর্শন করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এছাড়া সমস্ত খাদ্য ব্যবসাকে কেবল 'ফস্কস' পোর্টালের অধীনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা হয়।

একই সঙ্গে, চলতি ২০২৬ সালের মার্চ মাসে জনস্বার্থ বা কোনো গণশুনানি ছাড়াই আচমকা কেন্দ্রীয় লাইসেন্সের ব্যবসায়িক টার্নওভারের সীমা বাড়িয়ে দেওয়ার বিজ্ঞপ্তিটি বাতিল করার দাবি জানিয়েছে রাজ্য। প্রধান বিচারপতি মহেশ সি ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত শেঠনার সমন্বয়ে গঠিত বোম্বে হাইকোর্টের একটি বেঞ্চে মামলাটির শুনানি হতে চলেছে। মহারাষ্ট্র সরকার আর্জিতে স্পষ্ট জানিয়েছে, কেন্দ্র যেন অবিলম্বে অসংবিধানিক ঘোষিত নিয়ম ও পরিদর্শন নিষেধাজ্ঞা বাতিল করে রাজ্যকে তাদের লাইসেন্স ডাটাবেসের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়।