পুবের কলম ওয়েব ডেস্ক: গাইঘাটায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার সকালে এক প্রতিবেশীর বাড়ির বাথরুমের সামনে থেকে ওই কিশোরীর বিবস্ত্র ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নির্যাতিতার এক আত্মীয়কে আটক করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পরিবারের সঙ্গে গাইঘাটা বাজার এলাকায় বিজয়া সম্মিলনীর একটি অনুষ্ঠানে গিয়েছিল ওই ছাত্রী। রাত সাড়ে এগারোটা নাগাদ একটি ফোন পেয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। মৃতার মামি জানান, রাতে রাস্তায় দেখা হওয়ার পর মেয়েটিকে বাড়ি ফিরতে বলা হয়েছিল, কিন্তু সে জানায় যে বান্ধবীর সঙ্গে পরে ফিরবে। এরপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি।
রবিবার সকালে তার এমন মর্মান্তিক পরিণতি সামনে আসে।
স্থানীয়দের অভিযোগ, কিশোরীকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে এবং সমাজবিরোধীদের দৌরাত্ম্য নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি।