ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে ফের সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় রবিবারই ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে ‘বড় চুক্তিতে’ রাজি হলে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

গত কয়েক দিন ধরেই ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য অভিযানের সময় নিয়ে কথা বলেন ট্রাম্প।

হামলা কবে শুরু হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা হামলার বিষয়টি বিবেচনা করছি। সম্ভবত আগামীকাল (রবিবার) হতে পারে।”

ট্রাম্পের দাবি, ইরান চুক্তিতে আগ্রহী হলেও তার শর্ত মেনে চলার বিষয়ে তেহরানের প্রতিশ্রুতি নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, “ইরানিরা চুক্তি চায়। কিন্তু প্রশ্ন হলো, তারা চুক্তির শর্ত পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে কি না।

”

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই তাঁর প্রধান লক্ষ্য বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত বছরের জুনে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বক্তব্য, চলতি বছর ফের হামলার সিদ্ধান্ত না নিলে গত বছরের অভিযান ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকানোর ক্ষেত্রে যথেষ্ট হতো কি না, তা নিয়ে সন্দেহ থেকে যেত।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগের মতোই তেল পরিবহন হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে তাঁর এই বক্তব্যের সমর্থনে কোনও প্রমাণ তুলে ধরেননি তিনি।

ইরান চুক্তিতে সম্মত না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেশটিকে চুক্তিতে বাধ্য করা হতে পারে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, “আমাকে হয়তো কাজটি সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা চুক্তিতে আসতে পারে। তবে আমি নিশ্চিত নই। সামরিক অভিযান হোক বা চুক্তি—যেভাবেই হোক, আমরা জিতব।”