পুবের কলম ওয়েব ডেস্ক: কোচবিহারের মেখলিগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে নদী থেকে বালি চুরির চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। শনিবার সন্ধ্যায় বাংলাদেশি দুষ্কৃতীরা সানিয়াজান নদী থেকে বালি চুরি করতে গেলে বিএসএফ তাদের বাধা দেয়। এরপরই জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। তবে জওয়ানদের পালটা প্রতিরোধে তারা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।
কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা এবং ওপারে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদলের মাঝ দিয়ে বয়ে গিয়েছে তিস্তার শাখা নদী সানিয়াজান।

এই নদী থেকেই বালি চুরির চেষ্টা করছিল বাংলাদেশি দুষ্কৃতীরা। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে একদল বাংলাদেশি লাঠি, বাঁশ নিয়ে ছুটে আসে এবং বিএসএফ বাধা দেওয়ায় জওয়ানদের উপর পাথরবাজি করে। এমনকী, দুষ্কৃতীরা বিস্ফোরক ছুড়েছে বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে সীমান্ত এলাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।