পুবের কলম ওয়েব ডেস্ক: উমর খালিদের মুক্তির দাবি এবং ‘নকশালবাড়ি দীর্ঘজীবী হোক’ স্লোগান লেখা হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দেওয়ালে, যা ঘিরে নতুন করে ক্যাম্পাসে বিতর্কের ঝড় উঠেছে। বিশ্ববিদ্যালয়ের এক কর্মী জানিয়েছেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে এবং তদন্ত করে দেখা হচ্ছে। ক্যাম্পাসের শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, জেএনইউ কর্তৃপক্ষ এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে।


দেওয়াল লিখনের ছবি প্রকাশ্যে আসতেই কড়া সমালোচনা করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তাদের অভিযোগ, বামপন্থী ছাত্র সংগঠনগুলি ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এবিভিপি-র দাবি, ছড়িয়ে পড়া ছবিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সদস্যদের ভি ডি সাভারকরের প্রতিকৃতির পাশে আপত্তিকর মন্তব্য লিখতে দেখা গিয়েছে। জেএনইউ-এর এবিভিপি সভাপতি ময়াঙ্ক পাঞ্চাল জানিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে সরকারি সম্পত্তি নষ্ট এবং দেশের সম্মাননীয় ব্যক্তিত্বদের অসম্মান করা বরদাস্ত করা হবে না।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন হিংসায় ৫৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় উসকানিমূলক মন্তব্য এবং মূল ষড়যন্ত্রকারী হিসেবে ওই বছরের সেপ্টেম্বরে দিল্লি পুলিশ উমর খালিদকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও দায়ের করা হয়। যদিও একাংশের দাবি ছিল, বিরোধী স্বর দমন করতেই উমরকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিকবার জামিনের আবেদন করলেও প্রতিবারই তাঁর আর্জি খারিজ হয়ে গিয়েছে।