পুবের কলম ওয়েব ডেস্ক: পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুলিশ ফাঁড়িতে চরম অশান্তির জেরে পুলিশের উপর হামলার অভিযোগ উঠল। এক বিজেপি যুবনেতার বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হওয়া এই অশান্তিতে উত্তেজিত জনতার মারে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং রাতেই অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আউশগ্রাম ১ ব্লকের লক্ষ্মীগঞ্জ কলোনিতে যুব মোর্চার ৫ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক স্বপ্না বাছার এবং সভাপতি বিশ্বজিৎ ওরফে বিল্টু মজুমদারের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র আপত্তি ছিল।
শনিবার সন্ধ্যায় ট্রাক্টর ভাড়া করে প্রচুর লোক গুসকরা ফাঁড়িতে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ কেন তাঁদের ডেকে পাঠিয়েছে, এই প্রশ্ন তোলার পাশাপাশি ওই দুই নেতার সম্পর্ক নিয়েও ক্ষোভ উগরে দেয় উত্তেজিত জনতা। পুলিশ তাদের সরাতে গেলেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং পুলিশকে ঘিরে ধস্তাধস্তি শুরু হয়। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে। রাতেই ১০ জন মহিলা-সহ ২৫ জনকে আটক করা হয় এবং পরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে আউশগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কলিতা মাজি জানিয়েছেন যে, এটি তাঁদের দলীয় কোনও বিষয় নয়, তাই তিনি কোনও মন্তব্য করবেন না।