পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি ব্লাড ক্যানসার এবং মূত্রনালির সংক্রমণে ভুগছিলেন। বর্ষীয়ান এই শিল্পীর প্রয়াণে বাংলার শিল্প ও সংস্কৃতি জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পীর প্রয়াণকে এক বিরাট ক্ষতি বলে উল্লেখ করে তিনি জানান, গোটা দেশ ও আন্তর্জাতিক স্তরে যোগেন চৌধুরীর সৃষ্টি অমর হয়ে থাকবে। পাশাপাশি, সমাজমাধ্যমে শোকবার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত এই শিল্পীর প্রয়াণে ভারতীয় শিল্পজগতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন তিনি।
তাঁর মতে, নিজস্ব শিল্পশৈলীর মাধ্যমে শিল্পকলার পাশাপাশি প্রাক্তন রাজ্যসভার সাংসদ হিসেবে দেশের জনজীবনেও যোগেন চৌধুরীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের সঙ্গী এবং তাঁর আমলের রাজ্যসভার সাংসদকে স্মরণ করে মমতা জানান, যোগেন চৌধুরী ছিলেন বাংলা ও গোটা ভারতের গর্ব এবং তাঁর কাছে ব্যক্তিগত অনুপ্রেরণা। ২০১২ সালে তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছিল। তাঁর এই প্রয়াণ শিল্প জগতে এক বিরাট শূন্যতা তৈরি করল বলে শোকবার্তায় উল্লেখ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।