পুবের কলম ওয়েব ডেস্ক: আমেরিকায় ফের বন্দুকবাজের দৌরাত্ম্য। শনিবার ফ্লোরিডায় একটি ফুটবল স্টেডিয়ামের কাছে ‘হোমকামিং উইকেন্ড’ উদযাপন চলাকালীন আচমকা এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনায় ৬ শিশু-সহ অন্তত ১২ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই ঘটনার পর আমেরিকার শিথিল অস্ত্র আইন নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি ফুটবল ম্যাচ শেষ হওয়ার ঠিক পরেই স্টেডিয়ামের বাইরে দর্শকদের ভিড়ের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে বচসা শুরু হয়। সেই বাদানুবাদ দ্রুত হাতাহাতি এবং শেষে নির্বিচারে গুলিবর্ষণের আকার নেয়। স্থানীয় পুলিশ প্রধান লরেন্স রেভেল জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এত ছোট শিশুদের জখম হওয়ার ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন তিনি।
হামলার পরেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আততায়ীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অন্যদিকে, ফ্লোরিডা এঅ্যান্ডএম ইউনিভার্সিটির তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ক্যাম্পাসের খুব কাছে এই গোলাগুলির ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো বিশ্ববিদ্যালয় চত্বর এখন সুরক্ষিত।