পুবের কলম ওয়েবডেস্ক, ইন্টার্নশিপের ডিউটি এড়াতে টাকা দিয়ে অন্যকে দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠল কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিউটি অনুযায়ী ঘণ্টাপ্রতি পারিশ্রমিকের দরাদরির স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়েছে।

ভাইরাল চ্যাটে দেখা যাচ্ছে, ২৬৬ জনের একটি গ্রুপে ডিউটি বদলের আলোচনা চলছে। এক ইন্টার্ন রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত নাইট ডিউটি করতে পারবেন না বলে জানালে, অন্য এক জন ঘণ্টায় ২৫০ টাকা নিয়ে সেই দায়িত্ব পালনের প্রস্তাব দেন।

আবার প্যাথোলজি বিভাগে তিন দিনের ডিউটির জন্য ঘণ্টায় ২০০ টাকা দেওয়ার কথাও গ্রুপে উঠেছে বলে দাবি।

জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য দেবাশিস হালদার ঘটনার তদন্ত দাবি করেছেন। তাঁর প্রশ্ন, এমন অনৈতিক ব্যবস্থা চললে বিভাগীয় প্রধান, সুপার ও অধ্যক্ষেরা কি তা জানতেন? এই ব্যবস্থাকে সমর্থন করার কোনও জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়ের দাবি, স্বাস্থ্য দফতর বিষয়টি খতিয়ে দেখছে। ডিউটি কেনাবেচার গ্রুপগুলিতে দফতর ও মন্ত্রী নজর রাখছেন বলেও জানান তিনি। প্রতিদিন বহু রোগীর চিকিৎসা হয় এনআরএসে। অভিযোগ সত্যি হলে চিকিৎসাব্যবস্থা ও রোগীদের আস্থায় তার প্রভাব পড়তে পারে।