পুবের কলম ওয়েব ডেস্ক: সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা এবং মদিনায় হাউথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে বলে দাবি করল রিয়াধ। শনিবার সৌদির প্রতিরক্ষা সংস্থা জানায়, হামলাকারী ক্ষেপণাস্ত্রগুলিকে আকাশেই ধ্বংস করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ দুই শহরের বিভিন্ন এলাকায় পড়লেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা সৌদির এই দাবিকে ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। গোষ্ঠীটির সামরিক
আরও পড়ুন:
মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট জানিয়েছেন, পবিত্রভূমিতে হামলার এই প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।
উল্লেখ্য, গত দু’দিন ধরে সৌদির একাধিক বিমানবন্দর, তৈল ঘাঁটি ও বিমান ঘাঁটিতে হাউথিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ।এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সৌদি আরবে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে নয়াদিল্লি। ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রবাসীরা যেন স্থানীয় সমস্ত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলেন। পাশাপাশি, ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কোনও দৃশ্য কিংবা হামলার ঘটনার ভিডিও রেকর্ড করা এবং তা সমাজমাধ্যমে পোস্ট করা থেকে তাঁদের বিরত থাকতে বলা হয়েছে। কারণ, সে দেশে এ ধরনের কাজ আইনত দণ্ডনীয় অপরাধ।