পুবের কলম ওয়েবডেস্ক, পুরনো ছাদ ভেঙে নতুন ছাদ তৈরির কাজ চলছিল। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ির একাংশ। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল অন্তত তিন জনের। রবিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহার এলাকায় এই দুর্ঘটনার পর সোমবার সকালেও উদ্ধারকাজ চলছিল।


পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাড়িটি আগে একতলা ছিল। তার উপর আরও একটি তলা নির্মাণের কাজ চলছিল। সেই সময় প্রথম তলার ছাদের একটি অংশ ভেঙে পড়ে।

তার জেরে বাড়ির অন্য অংশও ধসে যায়।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। উদ্ধারকাজে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, অসামরিক প্রতিরক্ষা কর্মী, আধাসেনা ও দিল্লি পুলিশ। চারটি অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়। প্রথম দিকে স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের খোঁজে হাত লাগান।