পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন হলদিয়া পুরসভা নির্বাচনে বিরোধীদের খাতা খুলতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির নতুন দলীয় কার্যালয়ের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দলীয় কর্মীদের হলদিয়ার ৩০টি আসনেই জয়ী হওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দেন। পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে তাঁকে 'খালি বাটি' হাতে ফেরানোর বার্তা দিয়েছেন তিনি।
এদিন তমলুকের সভা থেকে দলীয় কর্মীদের চাঙ্গা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচনে হলদিয়া পুরসভার ৩০টি আসনেই বিজেপিকে জয় ছিনিয়ে আনতে হবে। বিরোধীদের আসন সংখ্যা সম্পূর্ণ শূন্য করার ডাক দিয়ে তিনি জানান, রাজ্যের আগামী সমস্ত নির্বাচনেই বিজেপি ৬০ শতাংশের বেশি ভোট পাবে।
তৃণমূলের বর্তমান ভাঙন এবং দল ধরে রাখতে না পারার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরাসরি দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, মমতা নিজের ঘর সামলাতে পারছেন না। তিনি ৮০ জন বিধায়ক এবং ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনকে নিজের দলে ধরে রাখতে ব্যর্থ হয়েছেন, আর এর দায় কোনওভাবেই তাঁর নয় বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
তৃণমূলের অন্দরের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের একটি সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মমতার একনিষ্ঠ অনুগামী ফিরহাদ হাকিমই আক্ষেপ করে জানিয়েছেন যে নেত্রী 'ভক্তের' চেয়ে 'রক্তকে' (পরিবার) বেশি গুরুত্ব দিয়েছেন। ফিরহাদ বিজেপির কোনও নেতা বা মুখপাত্র নন, তা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, বিজেপির দিকে আঙুল তোলার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নিজের ঘর সামলানো।