পুবের কলম, ওয়েবডেস্ক: তৎকালীন বিজেপি সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে করা এক বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মানহানি মামলায় সম্পূর্ণ খালাস পেলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের সুলতানপুরের একটি বিশেষ আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো আইনি ভিত্তি না পেয়ে তাঁকে ‘নির্দোষ’ বলে ঘোষণা করেছে। রায়দান উপলক্ষে রাহুল গান্ধী সশরীরে সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালতে উপস্থিত ছিলেন। আদালতের এই রায়ের ফলে কংগ্রেস শিবিরে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত ২০১৮ সালে।
ওই বছর কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে এক জনসভায় রাহুল গান্ধী তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে লক্ষ্য করে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। ওই মন্তব্যের জেরে বিজেপির তৎকালীন জেলা সহ-সভাপতি বিজয় মিশ্র রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় একটি ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছিলেন।আরও পড়ুন:
মামলার দীর্ঘ আইনি লড়ায়ের পর ২০২৩ সালে রাহুল গান্ধী আদালতে হাজিরা দিয়ে জামিন নেন। প্রবীণ আইনজীবী আর এস চিমা, কাশি শুক্লা, তরণুম চিমা, প্রসন্ন এস এবং আকাশ সিং আদালতে রাহুল গান্ধীর হয়ে আইনি লড়াই পরিচালনা করেন। রায় ঘোষণার আগে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র 'মোনা' সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, বিচারব্যবস্থার ওপর তাঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে। এদিন শুনানি শেষে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে মানহানির অভিযোগ আনা হয়েছিল, তা আইনিভাবে প্রমাণিত নয় এবং তাঁর মন্তব্য মানহানিকর পর্যায়ভুক্ত নয়।