দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজের দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। রবিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তার মাধ্যমে দেশে ফেরার কথা জানান তিনি। তাঁর প্রত্যাবর্তন ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

মাচাদো দেশে ফেরার পর লারা রাজ্যের বারকুইসিমেতো শহরের সান্তা রোসা গির্জার সামনে হাজার হাজার সমর্থক তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁর এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন আর এক নির্বাসিত বিরোধী নেতা তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়া।

তিনি বলেন, সার্বভৌম জনগণের কণ্ঠস্বর আবারও ভেনেজুয়েলায় ফিরে এসেছে। শীঘ্রই তিনিও দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

গত ডিসেম্বরে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে নরওয়ে যাওয়ার পর থেকে মাচাদোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় দীর্ঘদিনের শাসক নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন। এরপর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়।

তবে এই প্রক্রিয়ায় মাচাদো ও গঞ্জালেসকে আলোচনার বাইরে রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

মাচাদোর দেশে ফেরা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাঁর নিরাপত্তা কামনা করলেও মাচাদোর প্রত্যাবর্তনের বিষয়ে আগে থেকে কিছু জানতেন না বলে জানান। অন্যদিকে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেল চুক্তি এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে মাচাদোর সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল।

মাচাদোর দলের দাবি, ভেনেজুয়েলাকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অবাধ নির্বাচনের পথ প্রশস্ত করাই তাঁর দেশে ফেরার অন্যতম লক্ষ্য।