পুবের কলম ওয়েব ডেস্ক: সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে আকাশ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। নাগেরবাজার থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের বিরুদ্ধে শুধুমাত্র মুখ্যমন্ত্রীই নন, বঙ্গ বিজেপির একাধিক নেতার নামে ভুয়ো তথ্য রটানো এবং অশালীন মন্তব্য পোস্ট করার অভিযোগ রয়েছে।
এর আগে রবিবার পশ্চিম মেদিনীপুরেও একই ধরনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওই যুবকের নাম সুরজিৎ শী। তাঁর বিরুদ্ধে হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে বিকৃত ও ব্যঙ্গাত্মক ভিডিও বানানোর অভিযোগ উঠেছিল। কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সুরজিৎকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাঁকে দাঁতন আদালতে পেশ করা হলে বিচারক আগামী ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।