পুবের কলম, ওয়েবডেস্ক: হোয়াটসঅ্যাপে এক অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে চতুর আলাপের জেরে ভারতীয় সেনাবাহিনীর অতি গোপনীয় সামরিক তথ্য পাচারের অভিযোগে ৫২ বছর বয়সি এক অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার পুলিশ সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ধৃত ব্যক্তির নাম বাবু পি। তিনি গত বছরই (২০২৫) ভারতীয় সেনা থেকে অবসর গ্রহণ করেছিলেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি সেনাবাহিনীতে আর্টিলারি এবং সামরিক সরঞ্জাম সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, সেনা থেকে অবসর নেওয়ার পর বাবু ভেলোর জেলার কানিয়্যামবাদির কাছে কিঝভাল্লাম গ্রামে বসবাস করছিলেন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তাঁর ওপর নজরদারি চালিয়ে পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী যৌথভাবে এই গ্রেপ্তার করে। তদন্তে জানা যায়, প্রায় এক বছর আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই নারী নিজেকে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার একটি প্রকল্পে কর্মরত বলে দাবি করেছিল। ধীরে ধীরে তাঁদের মধ্যে কথোপকথন ঘনিষ্ঠ হয় এবং ভিডিও কলের আদান-প্রদানও শুরু হয়।
আরও পড়ুন:
ডিআরডিও-র প্রজেক্টের কথা বলে ওই মহিলা সেনার বিভিন্ন স্পর্শকাতর ও গোপন তথ্য চাইতে শুরু করে। অভিযুক্ত বাবু নিজের কাছে থাকা বিভিন্ন গোপন তথ্য ওই মহিলাকে পাচার করেন। এমনকি মহিলার চাহিদা মেটাতে তিনি কর্মরত ও অবসরপ্রাপ্ত সহকর্মীদের পাশাপাশি বিভিন্ন সেনা দপ্তরেও ফোন করে বাড়তি তথ্য সংগ্রহ করেছিলেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির দীর্ঘ দুই দিন টানা যৌথ জেরা করার পর অভিযুক্ত বাবুকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভেলোর পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে।