পুবের কলম ওয়েব ডেস্ক: ফ্রান্স-সহ ইউরোপের একাধিক দেশে যখন চরম অশান্তি ও বিক্ষোভ চলছে, ঠিক সেই সময়েই প্রবাসী ভারতীয়দের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, ভারতীয়রা অত্যন্ত শান্তিপ্রিয় এবং বিশ্বের সব দেশেই তাঁদের সাদরে গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, প্রবাসী ভারতীয়রা বিদেশের মাটিতে নিজেদের পরিবার নিয়ে শান্তিতে বসবাস করেন। তাঁরা কখনোই রাস্তায় নেমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না বা ভাঙচুরের মতো ধ্বংসাত্মক কাজে লিপ্ত হন না। ইউরোপের বিভিন্ন দেশে যে ধরনের হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, ভারতীয়রা তা থেকে সবসময়ে দূরে থাকেন।

সেই কারণেই বিদেশি প্রশাসন ভারতীয়দের এতটা সম্মান ও স্বাগত জানায়।
উল্লেখ্য, বর্তমানে মূল্যবৃদ্ধি, মজুরি এবং সরকারি পরিষেবার দাবিতে ফ্রান্স, স্পেন, ইতালির মতো দেশগুলিতে ব্যাপক জনরোষ ও বিক্ষোভ চলছে। অনেক জায়গাতেই সেই আন্দোলন হিংসাত্মক রূপ নিয়ে লুটপাট ও ভাঙচুরের পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অশান্তির জন্য সরাসরি শরণার্থীদের দায়ী করে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। ঠিক এমন এক উত্তপ্ত আবহে প্রবাসী ভারতীয়দের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে পীযূষ গোয়েলের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।