পুবের কলম ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ধন্দ ও বিতর্ক। বাদ পড়া ভোটাররা নতুন করে নাম তুলতে ফর্ম ৬ জমা দিলে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। তবে সোমবার সুপ্রিম কোর্ট মৌখিকভাবে আশ্বস্ত করেছে যে, এই ক্ষেত্রে ফর্ম ৬ জমা দিলে কারও বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। আগামী ৫ নভেম্বর এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। পাশাপাশি কেন্দ্র এবং নির্বাচন কমিশন-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিসও পাঠানো হয়েছে।
মহারাষ্ট্রে এই এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ যাওয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তথা সমাজকর্মী অরুণ আনন্দগিরি। তাঁর দাবি, রাজ্যের ৯ কোটি ৭৯ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ২ কোটি ভোটারের নাম সম্পূর্ণ ভুলভাবে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া 'লজিক্যাল ডিসক্রিপেন্সি'র কারণ দেখিয়ে আরও ১ কোটি ২২ লক্ষ নাম মুছে ফেলা হয়েছে। মামলাকারী এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়েছেন।
সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানির সময় মামলাকারীর আইনজীবী অরবিন্দ দাতার মুম্বই ও পুণের পরিস্থিতির কথা বিশেষ করে উল্লেখ করেন। তিনি জানান, সেখানে আবাসন প্রকল্পের জন্য পুরনো বিল্ডিং ভেঙে নতুন ফ্ল্যাট তৈরি হওয়ায় বাসিন্দাদের অন্যত্র সরে যেতে হয়েছে। এসআইআর-এ এমন হাজার হাজার বাসিন্দাকে ‘অনুপস্থিত’ দেখিয়ে তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। এখন সেই বাদ পড়া ভোটারদের নতুন করে নাম তোলার জন্য ফর্ম ৬ জমা দিতে বাধ্য করা হচ্ছে, যা নিয়ে ভোটারদের মনে শাস্তিমূলক ব্যবস্থার আশঙ্কা দানা বেঁধেছে।
আইনজীবীর এই উদ্বেগের জবাবে প্রধান বিচারপতি কান্ত মৌখিকভাবে তাঁকে আশ্বস্ত করেন। তিনি স্পষ্ট জানান, এই কারণে কাউকে অভিযুক্ত করা হবে না বা কারও বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে না। উল্লেখ্য, এসআইআর শুরুর আগে মহারাষ্ট্রে মোট ভোটারের সংখ্যা ছিল ৯ কোটি ৭৮ লক্ষ ৫৪ হাজার ৪৯ জন। কিন্তু খসড়া তালিকা প্রকাশ পেতেই দেখা যায়, প্রায় ২১.১৪ শতাংশ অর্থাৎ ২ কোটি ৬ লক্ষ ৮৮ হাজার ৪৮৭ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে।