পুবের কলম ওয়েবডেস্ক, উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুনের মামলায় ধৃত প্রহ্লাদ দাসের মৃত্যু হল পুলিশের গুলিতে। মঙ্গলবার ভোররাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, সেই সময় আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষায় পাল্টা গুলি চালানো হয়। ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।


পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার দূরে। পুনর্নির্মাণের কাজ শেষ হওয়ার পর প্রহ্লাদ পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে তিন রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। এরপর পুলিশ চার রাউন্ড পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ প্রহ্লাদকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়াতেই হাসপাতালে ভিড় করেন মৃত কিশোরীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। উত্তেজনা সামাল দিতে এলাকায় পুলিশ ও র‌্যাফ মোতায়েন করা হয়েছে।