মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ খারিজ করল জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত তিনটি নির্দেশই তিন নির্বাচন কমিশনারের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল বলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছে কমিশন।

মুখ্য নির্বাচন কমিশনারের কার্যপদ্ধতি এবং SIR-সংক্রান্ত ফর্মে পরিবর্তন আনার অভিযোগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দায়ের হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই সোমবার হলফনামা জমা দেয় কমিশন।

সেখানে জ্ঞানেশ কুমারের সঙ্গে অন্য দুই নির্বাচন কমিশনারের মতবিরোধের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। কমিশনের দাবি, অভিযোগগুলি মূলত একটি সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে করা হয়েছে।

হলফনামায় কমিশন জানিয়েছে, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট আধিকারিকদের মতামত, পরামর্শ, পর্যবেক্ষণ, ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং প্রশ্ন বিবেচনা করা হয়। নথি পর্যালোচনার সময় মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনারদের কোনও মন্তব্য, প্রশ্ন কিংবা পরামর্শকে সরাসরি কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হয় না।

কমিশনের বক্তব্য, ২০২৫ সালের জুন ও অক্টোবর এবং ২০২৬ সালের মে মাসে SIR-সংক্রান্ত যে তিনটি নির্দেশ জারি করা হয়েছিল, সেগুলি সর্বসম্মতিক্রমেই গৃহীত হয়েছিল।

ভোটার তালিকায় নতুন নাম তোলার ফর্ম ৬-এ পরিবর্তন আনার অভিযোগও খারিজ করেছে কমিশন। তাদের দাবি, SIR-সংক্রান্ত তিনটি নির্দেশের কোনওটির ফলেই ফর্ম ৬-এ সংশোধন করা হয়নি। অনলাইনে ফর্ম ৬-এর সঙ্গে একটি অতিরিক্ত ঘোষণাপত্র যুক্ত করা হয়েছিল, যা ছিল স্বতন্ত্র। তবে অনলাইনে ঘোষণাটি যেভাবে দেখানো হয়েছিল, তাতে ফর্মটিতে পরিবর্তন আনা হয়েছে বলে মনে হতে পারে বলে স্বীকার করেছে কমিশন। তাদের দাবি, গত ২১ অক্টোবর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়ায় ফর্ম এবং অতিরিক্ত ঘোষণাপত্রকে পৃথক করে দেওয়া হয়েছে।