পুবের কলম ওয়েব ডেস্ক: সোমবার মিলনমেলা প্রাঙ্গণে আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে চোরবাগান বিপর্যয় নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের আমলের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের ঘটনাকে কোনওভাবেই 'ছোট ঘটনা' বা 'ষড়যন্ত্র' আখ্যা দেওয়া হবে না। পাশাপাশি তাঁর আশ্বাস, চোরবাগানের ঘটনার জন্য দায়ী কাউকেই বর্তমান সরকার আড়াল করবে না। আগামী দিনে ছট, জগদ্ধাত্রী ও কার্তিক পুজোর মতো উৎসবগুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য তিনি সকলের পরামর্শ চেয়েছেন। প্রশাসন ও পুজো কমিটিগুলিকেও এই বিষয়ে আগাম সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
চোরবাগানের ঘটনায় আহত ২৫ জনকে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছিল। এদিন সেই বিতর্কেরও জবাব দেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, সরকারি হাসপাতালে জোর করে কাউকে আটকে রেখে মিথ্যা অহংকার বা ইগো দেখায়নি তাঁর সরকার। আহতদের দ্রুত সুস্থ করে বাড়ি ফেরাতে উন্নততর চিকিৎসার স্বার্থেই তাঁদের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল। এখানে সরকারের কোনও ব্যর্থতা নেই বলে তিনি স্পষ্ট করেছেন।
বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন তৃণমূল সরকারকেও কড়া ভাষায় নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সময়ে পুজো করার জন্য কাউকে আর হাই কোর্টের দ্বারস্থ হতে হয় না। আগের সরকারের আমলে নির্দিষ্ট সময়ে মাইক বাজানো বা বিসর্জনের রুট নিয়ে নানা বিধিনিষেধ চাপানো হত বলে তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিগত সরকারের মাথা নত করার নীতির কারণেই নানা সমস্যার সৃষ্টি হত। কিন্তু এখন সাধারণ মানুষ বুঝেছে যে, যাঁর যা ধর্ম তা রক্ষার দায়িত্ব তাঁরই। দোষীদের আড়াল না করার প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এটাই নতুন পশ্চিমবঙ্গ।