পুবের কলম, নয়াদিল্লি: দীর্ঘ দুই সপ্তাহ ধরে চলা প্রবল আন্দোলন ও উত্তেজনার অবশেষে সমঝোতায় পৌঁছাল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীরা। ২০০৬ সাল থেকে বন্ধ থাকা ছাত্র সংসদ-এর নির্বাচন পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে জারি করা সমস্ত সাসপেনশন ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে জারি করা এক আদেশে এই ঘোষণা করা হয়।
এর ফলে গত ১২ অক্টোবর থেকে চলা অচলাবস্থা ও অনশন আন্দোলনের অবসান ঘটতে চলেছে।আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্র সংসদের সংবিধান খসড়ার জন্য দ্রুত একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সংবিধান অনুমোদিত হওয়ার ১৫ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করা হবে। এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক সপ্তাহে চলা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর জারি করা সমস্ত সাসপেনশন অর্ডার এবং শো-কজ নোটিশ সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে।
শুধু তাই নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সময় নিরাপত্তা কর্মীদের ভূমিকা খতিয়ে দেখতেও একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হবে।আরও পড়ুন:
কর্তৃপক্ষের এই ইতিবাচক সিদ্ধান্তের বিনিময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিছু শর্ত মানা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আদেশ অনুযায়ী, শিক্ষার্থীরা প্রশাসনকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় যেসব মানহানিকর বা আপত্তিকর পোস্ট ও মন্তব্য করেছিলেন, তা অবিলম্বে ডিলিট বা সরিয়ে ফেলতে হবে। সেই সাথে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের বিরুদ্ধে করা মন্তব্য বা আচরণের জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই শর্তগুলির সঠিক রূপায়ণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।