পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার জন্য দলের অন্দরে রীতিমতো হিড়িক পড়ে গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রার্থী হওয়ার জন্য বিজেপি নেতৃত্বের কাছে প্রায় ৫০০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে উত্তর হাওড়ার মতো অবাঙালি অধ্যুষিত ওয়ার্ডগুলিতে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি, সেখানে প্রতিটি ওয়ার্ড থেকে গড়ে ১৫ থেকে ২০ জন আবেদন করেছেন। অন্যদিকে, হাওড়া শহরের বাঙালি অধ্যুষিত ওয়ার্ডগুলিতে ৫ থেকে ৬ জন এবং মহিলা সংরক্ষিত আসনগুলিতে তুলনামূলকভাবে কম, গড়ে ২ থেকে ৩ জন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।


সোমবার হাওড়া পুরসভা ভোট নিয়ে বিজেপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলের ১৩টি মণ্ডলের সভাপতিদের সঙ্গে প্রার্থী বাছাইয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হাওড়া পুরভোটে দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা রাহুল সিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাঁরা প্রকৃত অর্থে বিজেপি করেন এবং যাঁদের জেতার সম্ভাবনা রয়েছে, দল শুধুমাত্র তাঁদেরই টিকিট দেওয়ার কথা ভাবছে। এর বাইরে কাউকে প্রার্থী করা হবে না।
জেলা নেতৃত্বের তরফেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দলের পুরনো ও বিশ্বস্ত কার্যকর্তাদেরই প্রার্থী হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে। হাওড়া জেলা বিজেপির পুরনো নেতৃত্ব কোনওভাবেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের টিকিট দিতে নারাজ।
জেলা বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, তৃণমূল স্তরের পুরনো নেতা-কর্মীরাই প্রতিটি ওয়ার্ডের প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন। এলাকার মানুষের কাছে পরিচিত এবং দীর্ঘদিন ধরে ভালো কাজ করছেন এমন নেতারাই প্রার্থী হবেন বা প্রার্থী নির্বাচনে সাহায্য করবেন। আগামী ২৯, ৩০ এবং ৩১ অক্টোবর ১৩টি মণ্ডলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করে এই প্রার্থী বাছাইয়ের কাজ সম্পন্ন হবে। জেলা নেতৃত্ব এই তালিকা তৈরি করে রাজ্য নেতৃত্বের কাছে পাঠাবে এবং সবশেষে রাজ্য নেতৃত্ব তাতে চূড়ান্ত সিলমোহর দেবে।