যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং অতীতের নির্বাচনে ভোটার জালিয়াতির তথ্য দিতে পারলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে তথ্য সহায়ক হলে তবেই এই পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে লেখেন, অতীতের নির্বাচন কিংবা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোটার জালিয়াতির বিষয়ে তথ্য দিলে ১০ লাখ ডলার দেওয়া হবে, যদি সেই তথ্য জালিয়াতিতে জড়িতদের গ্রেপ্তার ও সাজা নিশ্চিত করতে সাহায্য করে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে। নির্বাচনের আগে ভোটের স্বচ্ছতা, নিরাপত্তা এবং সম্ভাব্য জালিয়াতি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের মধ্যেই ট্রাম্পের এই ঘোষণা সামনে এল।