পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজো শেষ হলেও দেশজুড়ে উৎসবের আমেজ এখনও অব্যাহত। সামনেই রয়েছে কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা এবং ছটপুজোর মতো একাধিক বড় উৎসব। আর উৎসবের মরশুম মানেই ক্যালেন্ডারে ছুটির লাল দাগ। হিসাব অনুযায়ী, আগামী নভেম্বর মাসে সব মিলিয়ে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। তাই ব্যাঙ্কে গিয়ে যাতে সাধারণ মানুষকে কোনও বিপাকে পড়তে না হয়, তার জন্য আগেভাগেই ছুটির দিনগুলি জেনে নেওয়া প্রয়োজন।


নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। সেই হিসাবে নভেম্বরের ১, ৮, ১৫, ২২ ও ২৯ তারিখ রবিবার হওয়ায় ব্যাঙ্ক ছুটি থাকবে। পাশাপাশি, ১৪ ও ২৮ তারিখ যথাক্রমে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্কের কোনও কাজ হবে না। এছাড়া বিভিন্ন উৎসবের কারণেও একাধিক দিন ছুটি থাকছে। আগামী ৯ নভেম্বর গোবর্ধন পুজো ও বিশ্বকর্মা দিবস উপলক্ষে চণ্ডীগড় ও মধ্যপ্রদেশ-সহ কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০ তারিখ দিওয়ালির পরের দিন বা গুজরাটি নববর্ষ এবং ১১ নভেম্বর ভাইফোঁটা ও চিত্রগুপ্ত জয়ন্তী উপলক্ষেও একাধিক রাজ্যে ব্যাঙ্কের শাখায় তালা ঝুলবে।
এরপর ১৬ তারিখ ছটপুজো উপলক্ষেও ব্যাঙ্ক ছুটি থাকছে। মাসের শেষের দিকে ২৩ ও ২৪ নভেম্বর বেশ কয়েকটি রাজ্যে ব্যাঙ্কের পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। টানা ছুটির কারণে যাতে গ্রাহকদের অসুবিধায় পড়তে না হয়, তাই আগেভাগেই ব্যাঙ্কের সমস্ত জরুরি কাজ সেরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে, যে সমস্ত রাজ্যে ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত টানা চারদিন ব্যাঙ্ক ছুটি থাকছে, সেখানকার ব্যাঙ্ককর্মীরা এই সুযোগে অনায়াসেই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলতে পারেন।