পুবের কলম ওয়েব ডেস্ক: রাস্তার লড়াইয়ে বিরোধীদের সঙ্গে জোট থাকলেও ভোটের ময়দানে একক শক্তি নিয়েই লড়বে দল। আসন্ন পুরসভা নির্বাচনের আগে এমনই নীতি গ্রহণ করে দলের ভিত মজবুত করতে চাইছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, অন্যায়ের বিরুদ্ধে পথে একসঙ্গে আন্দোলন হলেও ভোটে তাঁরা একাই লড়বেন। আগামী মাসে সম্ভাব্য পুরভোটের জন্য ইতিমধ্যেই কংগ্রেসের তরফে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের বায়োডাটা নেওয়া শুরু হয়েছে। দলের পাশাপাশি বাইরের অনেকেও এই সুযোগ পাবেন।

আবেদন জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছে ২৮ অক্টোবর।
সম্প্রতি কলকাতা ও হাওড়া পুরভোটে অবাধ ভোটদান সুনিশ্চিত করার দাবিতে প্রদেশ কংগ্রেস, তৃণমূল, সিপিএম এবং প্রাক্তন সাংসদ জহর সরকার-সহ বিশিষ্টরা একটি যৌথ চিঠি দিয়েছেন। এর ফলে রাজনৈতিক মহলে জোট নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা খারিজ করে শুভঙ্কর সরকার জানান, সময়ের দাবি মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় অনেকে একসঙ্গে থাকলেও, শেষে সবাই নিজের বাড়িতেই আলাদা ফিরে যান।
অর্থাৎ, জোট না হওয়ার ফলে দলের নিচুতলার কর্মীরা প্রার্থী হওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুযোগ পাবেন। এই আবহেই সোমবার হাওড়া পুরসভার এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ফের নিজের পুরনো দল কংগ্রেসে ফিরে এসেছেন। শুভঙ্কর সরকার, পার্থসারথি ভৌমিক এবং শুভ্রজ্যোতি দাসের উপস্থিতিতে তাঁর এই যোগদান পর্ব সম্পন্ন হয়।
অন্যদিকে, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের বৈধতা ও যৌক্তিকতা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন কসবার এক বাসিন্দা। অবকাশকালীন বিচারপতি আর্যক দত্তের বেঞ্চের নির্দেশে প্রধান বিচারপতির এজলাসে নতুন করে মামলা দায়ের করার অনুমতি মিলেছে। আইনজীবী শামিম আহমেদ জানিয়েছেন, আগামী ২৮ অক্টোবর এই মামলার শুনানি হতে পারে। পাশাপাশি, পুরভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন জেলাশাসক।