পুবের কলম ওয়েব ডেস্ক: গঙ্গা ভাঙন রোধ এবং নদীখাত সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের নিয়ে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে এবার রাজ্য ও কেন্দ্র একসঙ্গে কাজ করবে এবং খুব দ্রুত এই কাজ শুরু হতে চলেছে।
এই প্রকল্পের রূপরেখা তৈরি করার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে দেশের দুই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আইআইটি কানপুর এবং আইআইটি রুরকিকে। পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পে মোট ১২টি স্পার তৈরি করা হবে।
এদিনের বৈঠকে মালদহ জেলার ভয়াবহ গঙ্গা ভাঙন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এবছর বর্ষায় কালিয়াচকের ভূতনিচরে বন্যার জেরে যে মারাত্মক বিপর্যয় তৈরি হয়েছিল, তা প্রশাসনের চিন্তা বাড়িয়েছে। পুজোর আগে মুখ্যমন্ত্রী নিজে ওই এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল মালদহ সফরে গিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং সার্বিক পরিস্থিতির একটি রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেন। সূত্রের খবর, দিল্লির এই ত্রিপাক্ষিক বৈঠকে মালদহের সেই উদ্বেগজনক পরিস্থিতি এবং ভাঙন রোধের উপায় নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক শেষে এদিনই রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী।