পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন পুরভোটের আগে তৃণমূলত্যাগীদের দলে নেওয়া নিয়ে রাজ্য বিজেপির অন্দরে মতবিরোধ প্রকাশ্যে এল। একদিকে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং সাংসদ সুকান্ত মজুমদার যখন দলবদলুদের জন্য দলের দরজা বন্ধ রাখার পক্ষে সওয়াল করছেন, তখন সম্পূর্ণ উলটো সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায়। তাঁর স্পষ্ট বার্তা, রাজনীতিতে আবেগের কোনও জায়গা নেই। কেউ কংগ্রেস থেকে বিজেপিতে আসতে পারলে, তৃণমূল থেকেও অনায়াসে আসতে পারেন।
পুরভোট এগিয়ে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে, তৃণমূলের বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে পারেন এবং তাঁদের টিকিটও দেওয়া হতে পারে। এই বিষয়ে শমীক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার ‘নো এন্ট্রি’ বা কড়া অবস্থান নিলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল অন্যরকম ভাবছে। তাঁদের মতে, পুরসভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাই পুরসভার কাজ সম্পর্কে যাঁদের গভীর ধারণা রয়েছে, এমন তৃণমূলত্যাগীদের দলে নিয়ে প্রার্থী করা যেতেই পারে।
মঙ্গলবার এই দলবদল প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ জানান, অন্য দল থেকে কেউ বিজেপিতে আসতে চাইলে তাতে আপত্তির কোনও কারণ নেই। তবে যাঁরা দলে যোগ দিচ্ছেন, তাঁরা বিজেপিতে এসে দলের কার্যপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে পারবেন কি না, সেটা অবশ্যই খতিয়ে দেখার বিষয়। কে দলে আসবেন আর কে আসবেন না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত দলই নেবে বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন। দিলীপের এই মন্তব্যে দলবদল ইস্যুতে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে মতপার্থক্য আরও একবার প্রকট হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।