পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের জামশেদপুরের বার্মামাইনস থানা এলাকার দুর্গাপুজো ময়দানে আয়োজিত একটি মেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। মেলার অন্যতম প্রধান আকর্ষণ 'মরণকূপ'-এ (ওয়েল অফ ডেথ) স্টান্ট দেখানোর সময় আচমকাই একটি মোটরবাইকে আগুন লেগে যায়। এই ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণী স্টান্টম্যান অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ ফুট উঁচু কাঠের তৈরি ওই চোঙাকৃতি মরণকূপের দেওয়ালে তীব্র গতিতে বাইক চালাচ্ছিলেন ওই তরুণী। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাইক চালানোর সময়ই ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া এবং ফুলকি বেরতে শুরু করে। মুহূর্তের মধ্যে গোটা বাইকটি আগুনে ঢেকে যায় এবং তরুণীর চুলেও আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মরণকূপের একেবারে নিচের অংশে ছিটকে পড়েন। ঘটনার সময় তাঁর পাশাপাশি আরও তিনটি মারুতি ৮০০ গাড়িও মরণকূপের দেওয়ালে স্টান্ট দেখাচ্ছিল।
চোখের সামনে এই ভয়াবহ দৃশ্য দেখে মরণকূপের উপরের অংশে দাঁড়ানো শত শত দর্শকের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে চিৎকার করে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে মরণকূপের কর্মীরা ছুটে গিয়ে জল ও মাটি ছুড়ে বাইকের আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের এই তৎপরতার জেরে আগুন শুকনো কাঠের কাঠামোতে ছড়িয়ে পড়তে পারেনি, ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে ততক্ষণে বাইকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জ্বালানি লিক করে বা যান্ত্রিক কোনও ত্রুটির কারণেই এই আগুন লেগেছে।
বার্মামাইনস থানার ওসি কুমার সরযূ আনন্দ জানিয়েছেন, ওই তরুণী আপাতত নিরাপদে রয়েছেন এবং এই ঘটনায় বড় কোনও প্রাণহানির খবর নেই। তিনি আরও জানান, পুজো ময়দানে ওই মেলা চালানোর অনুমতি রবিবার পর্যন্তই ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার পাশাপাশি মেলার আয়োজকদের কাছে দমকলের প্রয়োজনীয় ছাড়পত্র ছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।