পুবের কলম, ওয়েবডেস্ক: বন্দি অসুস্থ হওয়ার সুযোগ নিয়ে ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের ওপর আচমকা হামলা চালিয়ে তামিলনাড়ুর থেনি সাব-জেল থেকে চম্পট দিল ১৭ জন বন্দি। সোমবার গভীর রাতে এই দুঃসাহসিক জেলভাঙার ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জেলের এক পুলিশ কর্মীসহ মোট তিনজন। ঘটনার পরপরই দক্ষিণ জোনের পুলিশ মহাপরিদর্শক বিজয়েন্দ্র বিদারি জানান, এলাকা জুড়ে শুরু হওয়া ব্যাপক চিরুনি অভিযানে ইতিমধ্যেই পলাতক বন্দিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকি ১৬ জনকে জালে তুলতে ১৭টি বিশেষ পুলিশি টিম গঠন করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ১৭ জন বন্দি জেলের একই সেলে বন্দি ছিল। সোমবার গভীর রাতে সেল থেকে এক বন্দি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বলে চিৎকার শুরু করে। খবর পেয়ে জেলের কারারক্ষীরা সেলের ভেতরে প্রবেশ করা মাত্রই বন্দিরা একযোগে তাঁদের ওপর চড়াও হয় এবং মারধর শুরু করে। হামলায় জেলের গ্রেড-২ পুলিশ কর্মী থাঙ্গাপান্ডি মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত উদ্ধার করে সরকারি জি ভিলাক্কু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া আরও দুই জেল পুলিশ কর্মী সামান্য আহত হন। বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগেই ১৭ জন বন্দি জেল প্রাঙ্গণ থেকে চম্পট দেয়।আরও পড়ুন:
ঘটনার পর পরেই পার্শ্ববর্তী সব জেলা ও প্রতিবেশী রাজ্যের সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিন্দিগুলের পুলিশ সুপার এস জয়কুমার জানিয়েছেন, সতর্কতা হিসেবে তাঁদের জেলার ১৬টি কৌশলগত স্থানে তাৎক্ষণিকভাবে কড়া চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হচ্ছে। পলাতক বন্দিদের ছবি ও বিবরণ সংলগ্ন ইডুক্কি, মাদুরাই এবং দিন্দিগুল জেলার পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্তে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বাকি ১৬ জন বন্দিকে গ্রেপ্তারে চিরুনি তল্লাশি অব্যাহত রয়েছে।