উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : জমি সংক্রান্ত কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে অ্যান্টি করাপশন গ্রুপের হাতে হাতেনাতে গ্রেফতার হলেন কুলতলি ভূমি ও ভূমি রাজস্ব দফতরের এক কর্মী। ধৃতের নাম সুভাষ নস্কর। তাঁর বাড়ি কুলতলি থানার দক্ষিণ গরানকাটি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত একটি কাজের জন্য সুভাষ নস্করের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার অ্যান্টি করাপশন গ্রুপের সদস্যরা পরিকল্পনামাফিক ফাঁদ পাতেন। অভিযোগ, সেই ফাঁদেই পা দেন ওই সরকারি কর্মী। ঘুষের টাকা নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করেন অ্যান্টি করাপশন গ্রুপের সদস্যরা।
এরপর বুধবার রাতে তাঁকে কুলতলি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যান্টি করাপশন গ্রুপের সদস্যদের পাশাপাশি কুলতলি থানার পুলিশও তাঁকে জিজ্ঞাসাবাদ করে। বৃহস্পতিবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হয়।একজন সরকারি কর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতারের ঘটনায় প্রশাসনিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। কী কারণে এবং কার কাছ থেকে তিনি ঘুষ চেয়েছিলেন, এই ঘটনার পিছনে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা।