উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মন্দিরবাজার :রাজ্যে পালাবদলের পর এবার একের পর এক গ্রাম পঞ্চায়েতেও বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। এতদিন তৃণমূলের দখলে থাকা একাধিক পঞ্চায়েতের ক্ষমতা এবার চলে যাচ্ছে বর্তমান শাসকদল বিজেপির হাতে। সেই তালিকায় নতুন সংযোজন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ব্লকের চাঁদপুর-চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত।মঙ্গলবার দুপুরে এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। মোট ১৯ জন সদস্যবিশিষ্ট এই পঞ্চায়েতে এদিন ১১ জন সদস্য ভোটাভুটিতে অংশ নেন।

বিজেপি, সিপিএম ও নির্দল সদস্যদের সম্মিলিত উদ্যোগে নতুন বোর্ড গঠিত হয়। পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হন বিজেপির শ্যামলী হালদার। তবে উপপ্রধান নির্বাচন হবে পরবর্তী বৈঠকে।
মন্দিরবাজারের বিডিও-র তত্ত্বাবধানে গোটা ভোটপর্ব সম্পন্ন হয়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পঞ্চায়েত চত্বরে মন্দিরবাজার থানার আইসি কৌশিক নাগের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।
নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর শ্যামলী হালদার বলেন, "তৃণমূলের আমলে এই পঞ্চায়েত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। আমরা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তুলতে চাই। এলাকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ এখনও বাকি রয়েছে, সেগুলি দ্রুত সম্পন্ন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।"এদিকে পঞ্চায়েতের ক্ষমতা দখলের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তাঁরা। চাঁদপুর-চৈতন্যপুর পঞ্চায়েতের এই ক্ষমতার পালাবদলকে ঘিরে এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।