পুবের কলম ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে ঘনিয়ে ওঠা যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি এসে পড়ল হরমুজ প্রণালীতে। ওমান উপকূলের কাছে ‘এমএসভি আল জুসুফি’ নামে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় জাহাজে থাকা ১৪ জন ভারতীয় নাবিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি ১৩ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
জানা গিয়েছে, সোমবার ওমান উপকূল দিয়ে যাওয়ার সময় কোনও একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু ওই পণ্যবাহী জাহাজটিতে আঘাত হানে।

এর ফলে জাহাজের ডান দিকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ওমানের কোস্ট গার্ড। তারা ১৪ জন নাবিককেই উদ্ধার করে। তবে হামলায় গুরুতর আহত হয়েছিলেন গান্ধার নাহিম আজিজ নামে গুজরাটের এক নাবিক। পরে তাঁর মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি মন্ত্রী জানান, জীবিত ১৩ জন নাবিককে দ্রুত সাহায্য করতে এবং মৃতদেহ-সহ সকলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে মন্ত্রক ও ওমানে থাকা ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে।
প্রসঙ্গত, সোমবারই হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। এই লাগাতার যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাস থেকে আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে চলা সংঘাতে এখনও পর্যন্ত অন্তত ২২ জন ভারতীয়র মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে ১৪ জনই নাবিক। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠায়, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী কোনও জাহাজে ভারতীয় নাগরিকদের নিয়োগের উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার।