প্রবল তুষারপাতের জেরে নেপালের সে ফোকসুন্দো ন্যাশনাল পার্কে আটকে পড়েছেন চার বাঙালি-সহ ছয় ভারতীয় পর্যটক। তাঁদের উদ্ধারে জোরদার অভিযান শুরু করেছে নেপাল প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, শনিবার থেকে ওই পর্যটকেরা সেখানে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে সেনার হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

দোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু ধাকাল জানিয়েছেন, পর্যটকেরা সে ফোকসুন্দো গ্রামীণ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধো এলাকায় গিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই এলাকা। পর্যটকেরা সেখানে পৌঁছনোর সময়ই গোটা এলাকা বরফে ঢাকা ছিল। পরে নতুন করে তুষারপাত শুরু হওয়ায় দুই মহিলা-সহ ছয় ভারতীয় পর্যটক আটকে পড়েন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তাকর্মী এবং স্থানীয় নেপালি গাইডরা পর্যটকদের ওই এলাকায় যেতে নিষেধ করেছিলেন। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই তাঁরা ধো এলাকায় যান। অভিযোগ, গাইডকে ছাড়াই প্রবল তুষারপাতের মধ্যে তাঁরা হ্রদ এলাকার দিকে এগিয়ে গিয়েছিলেন। শনিবার রাতে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উদ্ধার অভিযান প্রসঙ্গে জুনু ধাকাল বলেন, “আমরা তাঁদের আটকে পড়ার জায়গাটি চিহ্নিত করেছি। পর্যটকদের উদ্ধারের জন্য একটি সেনা হেলিকপ্টার আসছে। আশা করছি, শীঘ্রই তাঁদের উদ্ধার করা সম্ভব হবে।” তবে আপাতত ওই ছয় পর্যটককে নিখোঁজ বলতে নারাজ তিনি।

নেপাল প্রশাসন সূত্রে আটকে পড়া পর্যটকদের পরিচয়ও সামনে এসেছে। তাঁদের নাম মৌমিতা হালদার, পিয়ালি কোলে, জজলা ত্রিবেদী কুমার, আদিত্য সিং, দীপলীনা বিশ্বাস এবং রাজেশ দে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে উদ্ধার অভিযান চালাচ্ছেন বিশেষজ্ঞ নিরাপত্তাকর্মীরা।