পুবের কলম, ওয়েবডেস্ক: রাজধানীর রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র আয়োজিত ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ মহাসমাবেশে বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আব্দুল্লাহ। ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী ছাঁটাইয়ের নামে নির্বাচন কমিশনের চালানো বিশেষ সংশোধনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ফারুক আব্দুল্লাহ জানতে চান, উত্তরপ্রদেশে যে এক কোটিরও বেশি হিন্দু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদেরও কি বিজেপি ‘পাকিস্তানি’ বলে দাগিয়ে দেবে?

রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিপুল জনসভার মুখোমুখি হয়ে ৮৯ বছর বয়সি ফারুক আব্দুল্লাহ অভিযোগ করেন, বিজেপি ও আরএসএস ক্রমাগত মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে এবং তাঁদের ‘পাকিস্তানি’ বলে গালি দেয়। বিজেপিকে কড়া ভাষায় নিশানা করে ফারুক আব্দুল্লাহ বলেন, "ওরা সব সময় মুসলিমদের দিকে আঙুল তোলে, পাকিস্তানি বলে দাগিয়ে দেয়। আমি বিজেপি-আরএসএসকে স্পষ্ট বলতে চাই—আমরাও এই দেশের জন্য রক্ত দিয়েছি।

আমাদের এই দেশেই বাঁচতে হবে এবং একে শক্তিশালী করতে হবে।"

উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, "ইউপি-তে এক কোটিরও বেশি হিন্দু ভোটারের নাম তালিকা থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। তবে কি তারাও পাকিস্তানি? কত দিন এই ধরনের অজুহাত দিয়ে 'ভোটচুরি'র ঘটনা ধামাচাপা দেবেন?" তিনি স্মরণ করিয়ে দেন যে, আম্বেদকরের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের নাগরিকের অধিকার সমান এবং কোনো ভারতীয় যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই বিরোধীদের মূল লক্ষ্য। ভাষণ শেষে তিনি ‘জয় হিন্দ’ ধ্বনি তুলে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে বলে পুনর্ব্যক্ত করেন।