পুবের কলম, ওয়েবডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে ভারতের গণতন্ত্রের জন্য “সবচেয়ে বড় হুমকি” বলে অভিহিত করে সংগঠনটির অর্থসংস্থান ও আইনি বৈধতা নিয়ে আবারও একগুচ্ছ বিস্ফোরক প্রশ্ন তুললেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে। শতবর্ষ পুরোনো এই সংগঠনটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের হয়ে লবিং করা গোষ্ঠীর সাথে সখ্য রাখছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন কংগ্রেসের এই ৪৭ বছর বয়সি নেতা।

আরএসএস-এর শতবর্ষপূর্তি ও বিজয়াদশমী উপলক্ষে কর্নাটকজুড়ে পথ পরিক্রমাকে কেন্দ্র করে চলা রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই আরএসএস-কে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত বা রেজিস্টার্ড করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রিয়ঙ্ক।

প্রিয়ঙ্ক খাড়গে আরএসএস-এর স্বচ্ছতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বলেন, "আপনারা বিশ্বের সবচেয়ে বড় এনজিও, দেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী, ভারতীয় ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ—তাহলে সংবিধান ও আইন মেনে দৃষ্টান্ত স্থাপন করছেন না কেন?

জাস্ট রেজিস্টার হয়ে যান, ব্যস!"

‘এক্স’-এ প্রিয়ঙ্ক আরও লেখেন, আরএসএস আসল ভয় পায় ‘আর’ অর্থাৎ ‘রেজিস্টার্ড’ শব্দটিকে। কারণ আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন মানেই আইনি নিরীক্ষা, আর্থিক লেনদেনের হিসেব প্রকাশ ও স্বচ্ছতা। প্রিয়ঙ্কের প্রশ্ন, "দেশের ১০ কোটি পরিবারের কাছে পৌঁছানোর অর্থ কোথা থেকে আসছে?

কে এই তহবিলের অডিট করে? আরএসএস যদি কিছু না লুকায়, তবে সাধারণ মানুষের সামনে হিসেব পেশ করতে ভয় কেন?"

কর্নাটকে কড়া নিরাপত্তার মধ্যে আরএসএস-এর 'পথ পরিক্রমা' প্রসঙ্গে রাজ্য সরকারকে ‘হয়রানি’ করার যে অভিযোগ বিজেপি তুলেছে, তা উড়িয়ে দিয়ে প্রিয়ঙ্ক প্রশ্ন তোলেন, "বিজেপির এত বড় বড় নেতারা পথ পরিক্রমা করছেন, কিন্তু কোনো বড় নেতার ছেলেকে গণবেশ (ইউনিফর্ম) পরে, হাতে লাঠি নিয়ে এই মিছিলে হাঁটতে দেখেছেন কি?" পাশাপাশি, আরএসএস প্রধান মোহন ভাগবতের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে প্রিয়ঙ্ক জানতে চান, আরএসএস নিয়মিত দেশের অর্থনীতি, প্রতিরক্ষা ও বিদেশনীতি নিয়ে মন্তব্য করা সত্ত্বেও নিজেদের কীভাবে কেবলই ‘সাংস্কৃতিক সংগঠন’ বলে দাবি করে?