পুবের কলম ওয়েব ডেস্ক: দেশে ফেরার পরই ফের কড়া শাস্তির মুখে পড়লেন ইরানের প্রখ্যাত ও নিষিদ্ধ চলচ্চিত্র পরিচালক জাফার পানাহি। তেহরানের বিশেষ আদালত (তেহরান রিভলিউশনারি কোর্ট) তাঁকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। কারাবাসের পাশাপাশি পরিচালকের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। তবে ঠিক কোন মামলায় তাঁর বিরুদ্ধে আচমকা এই কড়া পদক্ষেপ করা হল, তা এখনও স্পষ্ট নয়।


পানাহির আইনজীবী মোস্তফা নিলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিচালকের অনুপস্থিতিতেই আদালত তাঁকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে। সেই সঙ্গে আগামী দু’বছরের জন্য তাঁর বিদেশ ভ্রমণ এবং সমাজমাধ্যম ব্যবহারের উপর কড়া নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। আইনজীবীর দাবি, গত সপ্তাহে আচমকাই পরিচালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ‘ফ্রিজ’ বা লেনদেনহীন করে দেওয়া হয়। এরপর তেহরানে সরকারি কৌঁসুলির দপ্তরে গিয়ে তাঁরা জানতে পারেন যে, পানাহির অজান্তেই তাঁর বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে অন্য একটি মামলায় তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা এখনও বহাল রয়েছে। ফলে তাঁর মোট কারাদণ্ডের মেয়াদ আরও বৃদ্ধি পেল।
সমসাময়িক ইরানি পরিচালকদের মধ্যে জাফার পানাহি অত্যন্ত জনপ্রিয় ও প্রশংসিত একটি নাম। তাঁর তৈরি ‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘ট্যাক্সি’ বা ‘নো বেয়ার্স’-এর মতো ছবিগুলি বিশ্বজুড়ে সমাদৃত।
গত দুই দশক ধরে বারবার ইরান সরকারের সমালোচনা করে তিনি রোষানলে পড়েছেন এবং কারাবন্দি হয়েছেন। গৃহবন্দি বা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি সিনেমা তৈরি থামাননি। ২০২২ সালে সরকার বিরোধী বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় সাত মাস পর তিনি মুক্তি পান। ২০২৩ সালে তাঁর বিদেশ সফরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। চলতি বছরের শুরুতেই তিনি ইরানে ফিরেছিলেন। আর তারপরেই ফের তাঁকে এই কড়া আইনি পদক্ষেপের মুখে পড়তে হল।